প্রকাশিত: Mon, Mar 6, 2023 10:33 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:06 AM

দেশের মানুষকে অর্ধেক খরচে হজে পাঠানোর দাবি জানালেন জিএম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজ্জের জন্য। হজ ফান্ড করতে হবে। দেশের মানুষ হজের জন্য ফান্ডে টাকা দিতে প্রস্তুত আছে। সোমবার বনানীতে দলের চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দুর্নীতির কারণেই হজযাত্রীদের জন্য জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য খরচ সহ এই খরচ ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আগে হজে নিবন্ধনের জন্য মানুষ তদ্বির করতো, এখন হাজার হাজার মানুষ নিবন্ধন বাতিল করছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৭ হাজার মানুষ নিবন্ধন করেছিলো হজ্জের জন্য। সময় বাড়ানোর কারণে এখন মাত্র ৫০ হাজার এর কিছু বেশি মানুষ নিবন্ধন করেছে। অথচ, পাশ^বর্তী দেশগুলোতে প্রায় অর্ধেক খরচে সেদেশের মানুষ হজ্জ পালন করতে পারছে। আমরা চাই, ১ লাখ ২৭ হাজার জনই যেনো নিবিঘ্নে হজ্জে যেতে পারেন। জি এম কাদের আরো বলেন, কারো স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনগণের স্বার্থ রক্ষার। । জনগণের পছন্দে জনপ্রতিনিধি হতে হবে। আমরা জনগণের সকল অধিকার রক্ষা করতেই রাজনীতি করছি। আমরা কোন দলের বি-টিম নই। আমরা গণমানুষের টিম হতে রাজনীতি করছি। সম্পাদনা: এল আর বাদল